বিটিভিকে জনবান্ধব হওয়ার আহ্বান উপদেষ্টার

৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:০১  

সরকার নয়, জনগন বান্ধব হয়ে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি কে জনগনের মিডিয়া হিসেবে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের প্রধান স্টেশন পরিদর্শনকালে এই নিদের্শনা দেন তিনি।

বৈঠকে সরকারের খবরের চেয়ে সংখ্যালঘুদের উপর হামলা, বন্যার্ত মানুষদের দুর্গতি, সারাদেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সীমান্তবর্তী হত্যার বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রচারের জন্য নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

উপদেষ্টা বলেন, বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে। সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা প্রয়োজন।

এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না উল্লেখ করে প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দল কে প্রাধান্য না দিতে বিটিভি কর্তৃপক্ষকে পরামর্শ দেন নাহিদ। তিনি বলেন, যারা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতেপারেন নি, যারা বঞ্চিত ছিলেন, তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত।

বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতেই ১৮ আগস্ট, বৃহস্পতিবার বিটিভি-তে যে হামলা হয়েছে তাতে অন্তত ১৮৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপ-মহাপরিচালক সাইদুর রহমান। এসময় এ হামলায় প্রতিষ্ঠানের কেউ আহত হয়েছেন কিনা জানতে চান তথ্য উপদেষ্টা। কিন্তু তিনি সেসময় এ নিয়ে কোনো উত্তর দেননি।